
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তামাকমুক্ত বাংলাদেশ গড়ার দৃপ্ত শপথ
‘তামাকের ব্যবহার রোধ করি, তামাকমুক্ত বাংলাদেশ গড়ি’ শপথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে তামাকবিরোধী সম্মেলন। এতে অংশ নেওয়া দেড় শতাধিক তরুণ শিক্ষার্থী তামাকের বিরুদ্ধে কাজ করার প্রত্যয় জানান। পাশাপাশি তামাকমুক্ত ভবিষ্যৎ প্রজন্ম গড়তে তামাকজাত পণ্যের ব্যবহার রোধ করার জন্য সবার প্রতি আহ্বান জানান।
বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ‘ইয়ুথ কনফারেন্স ফর টোব্যাকো ফ্রি বাংলাদেশ’ শীর্ষক সম্মেলনের আয়োজন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অ্যান্টি-টোব্যাকো ক্লাব।
অনুষ্ঠানের আগে ক্যাম্পাসে তামাকের বিরুদ্ধে জনসচেতনতা তৈরিতে শোভাযাত্রা করে ক্লাব সদস্য, শিক্ষার্থীরা এবং শিক্ষকবৃন্দ।
এ ছাড়া সভা শেষে জগ্ননাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দ্বারা প্রতিষ্ঠিত অ্যান্টি টোব্যাকো ক্লাবের সদস্যদের নিয়ে তামাক নিয়ন্ত্রনে তরুণ সমাজের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় ধূমপানমুক্ত বাংলাদেশ গড়তে তরুণদের ভূমিকা তুলে ধরেন অংশগ্রহণকারীরা। একই সঙ্গে তারা অন্যান্য শিক্ষার্থী এবং জনসচেতনতা তৈরি করতে কাজ করার অঙ্গীকার করেন।
